ময়মনসিংহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ ১১:২৫ অপরাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহে ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’ প্রতিপাদ্য নিয়ে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মানসম্মত শিক্ষা ও মানবিক মূল্যবোধসম্পন্ন প্রজন্ম গড়ার ওপর জোর দেন জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। অনুষ্ঠানে উপানুষ্ঠানিক শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর যৌথ উদ্যোগে এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) লুৎফুন নাহারের সভাপতিত্বে এই সভায় জেলার বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রশাসনিক কর্মকর্তারা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান শিক্ষকদের আরও দায়িত্বশীল ও আন্তরিক হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানকে শিক্ষার্থীদের কাছে আনন্দময় ও আকর্ষণীয় করে তুলতে হবে। শুধু অবকাঠামোগত উন্নয়ন কিংবা সার্টিফিকেটসর্বস্ব শিক্ষার পেছনে না ছুটে শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধসম্পন্ন ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলা এখন সময়ের দাবি।
সরকারি ও বেসরকারি শিক্ষাব্যবস্থার তুলনা করে জেলা প্রশাসক উল্লেখ করেন, গুণগত শিক্ষার প্রতি মানুষের ক্রমবর্ধমান চাহিদার কারণেই দেশে বেসরকারি প্রতিষ্ঠানের বিস্তার ঘটছে। সরকারি বিদ্যালয়গুলো যদি যথাযথ মান বজায় রাখতে ব্যর্থ হয়, তবে অভিভাবকেরা স্বাভাবিকভাবেই বিকল্প উপায়ের দিকে ঝুঁকবেন। তাই সরকারি শিক্ষকদের শিক্ষকতাকে কেবল পেশা হিসেবে না নিয়ে সামাজিক ও নৈতিক দায়িত্ব হিসেবে গ্রহণ করতে হবে।
তিনি শিক্ষার্থীদের বহুমুখী প্রতিভা বিকাশের ওপর গুরুত্বারোপ করে বলেন, প্রতিটি শিশুর মেধা এক নয়। কেউ খেলাধুলায়, কেউ সংস্কৃতিচর্চায় আবার কেউ বিজ্ঞানে পারদর্শী হতে পারে। বিদ্যালয়গুলোকে এমন পরিবেশ তৈরি করতে হবে যেখানে শিক্ষার্থীরা নিজেদের সুপ্ত প্রতিভা প্রকাশের পর্যাপ্ত সুযোগ পায়। সরকারি উদ্যোগে প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিলের মতো ইতিবাচক কার্যক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম জোরদার করার তাগিদ দেন তিনি।
অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন ময়মনসিংহ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) সুপারিনটেনডেন্ট মোহাম্মদ শাহজাহান কবীর, জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দীন আহম্মদ এবং বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নাছিমা আক্তার। অনুষ্ঠান শেষে সফল শিক্ষানুরাগী ও বিশিষ্ট ব্যক্তিদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
১১৮ বার পড়া হয়েছে