কলাপাড়ায় বেওয়ারিশ ও পোষ্য কুকুর-বিড়ালের ফ্রি চিকিৎসা ক্যাম্প
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ ২:০০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় শতাধিক বেওয়ারিশ ও পোষা কুকুর-বিড়ালকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে। বেসরকারি সামাজিক সংগঠন 'এনিমেল লাভারস অফ পটুয়াখালী'র কলাপাড়া শাখার সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়। প্রাণীদের প্রতি মমত্ববোধ বাড়াতে ও সচেতনতা তৈরিতে এই আয়োজন স্থানীয় মহলে বেশ প্রশংসিত হয়েছে।
সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কলাপাড়া উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় প্রাঙ্গণে এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। ক্যাম্পটিতে উপস্থিত থেকে সার্বিক দিকনির্দেশনা ও সেবা প্রদান করেন কলাপাড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মারুফ বিল্লাহ খান।
আয়োজক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে এদিন কলাপাড়ার বিভিন্ন এলাকার অসুস্থ ও আঘাতপ্রাপ্ত বেওয়ারিশ এবং গৃহপালিত শতাধিক কুকুর ও বিড়ালকে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসার পাশাপাশি এসব প্রাণীর জন্য প্রয়োজনীয় ওষুধ এবং পুষ্টিকর খাবারও বিতরণ করা হয়েছে।
এনিমেল লাভারস অফ পটুয়াখালীর কলাপাড়া শাখার টিম লিডার বায়জিদ মুন্সী এবং সদস্য মাসুদ হাসান জানান, সমাজে অবহেলিত ও রোগাক্রান্ত পশু-পাখিদের প্রতি মানুষের সহমর্মিতা বাড়ানোই তাদের লক্ষ্য। পোষা প্রাণীরা অসুস্থ হলে তাদের ফেলে না দিয়ে যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে মালিকদের উৎসাহিত করতেই এই ফ্রি ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মারুফ বিল্লাহ খান এই মানবিক উদ্যোগের প্রশংসা করে বলেন, এনিমেল লাভারস সংগঠনের সদস্যরা দীর্ঘদিন ধরে পটুয়াখালীতে প্রাণীদের কল্যাণে প্রশংসনীয় কাজ করে যাচ্ছেন। সরকারি সহায়তার পাশাপাশি এমন স্বেচ্ছাসেবী উদ্যোগ পশুপাখির অধিকার ও সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
১৩০ বার পড়া হয়েছে