লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তীব্র সংকট, শয্যা উন্নীতকরণের দাবি
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ ৭:০৬ অপরাহ্ন
শেয়ার করুন:
বান্দরবানের পাহাড়ি জনপদের অন্যতম প্রধান চিকিৎসা কেন্দ্র লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা ভেঙে পড়েছে। ধারণক্ষমতার দ্বিগুণ রোগী আসায় হাসপাতালে শয্যা সংকটের কারণে রোগীদের বারান্দা ও মেঝেতে বিছানা পেতে চিকিৎসা নিতে হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে অবিলম্বে হাসপাতালটিকে ১০০ শয্যায় উন্নীত করার জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।
বান্দরবানের পাহাড়ি জনপদের অন্যতম প্রধান এই চিকিৎসা কেন্দ্রে বর্তমানে সেবার মান তলানিতে ঠেকেছে। ৫০ শয্যার বিপরীতে প্রতিদিন হাসপাতালে শতাধিক রোগী ভর্তি থাকছেন। শয্যা না পেয়ে অনেক রোগীকে হাসপাতালের মেঝে ও বারান্দায় চরম অস্বাস্থ্যকর পরিবেশে দিন কাটাতে হচ্ছে।
রোগীদের অভিযোগ, হাসপাতালে ভর্তি হয়েও তারা সরকারি কোনো ওষুধ পাচ্ছেন না। এমনকি খাবারের পর্যাপ্ত সরবরাহ না থাকায় রোগীদের বাইরে থেকে অতিরিক্ত মূল্যে খাবার ও ওষুধ কিনতে হচ্ছে। জনবল সংকটের কারণে কর্মরত সীমিত সংখ্যক নার্স ও চিকিৎসকও সেবা দিতে গিয়ে হিমশিম খাচ্ছেন।
সবচেয়ে বড় সংকট দেখা দিয়েছে জরুরি অ্যাম্বুলেন্স সেবা নিয়ে। মুমূর্ষু রোগীদের উন্নত চিকিৎসার জন্য জেলা সদর বা চট্টগ্রামে স্থানান্তরের প্রয়োজন হলে কোনো সরকারি অ্যাম্বুলেন্স মিলছে না। ফলে বেসরকারি গাড়িতে চড়া দামে রোগী পরিবহন করতে হচ্ছে গরিব রোগীদের।
উপজেলার সচেতন নাগরিকেরা জানান, দ্রুত সময়ের মধ্যে শয্যা সংখ্যা বাড়িয়ে দ্বিগুণ না করলে চিকিৎসা ব্যবস্থার আরও অবনতি ঘটবে। পাশাপাশি পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসক নিয়োগ এবং অ্যাম্বুলেন্স সেবা সচল করার জন্য তারা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
১১৮ বার পড়া হয়েছে