রূপগঞ্জে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত, চালক আটক
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬ ১০:৩৯ অপরাহ্ন
শেয়ার করুন:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের চাপায় মনির হোসেন (৬৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে তারাবো পৌরসভার রূপসী নৌকার ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকচালক ইয়াকুব হোসেন ও ট্রাকটি আটক করেছে পুলিশ।
নিহত মনির হোসেন আড়াইহাজার উপজেলার পুরিন্দা এলাকার মৃত জরু মিয়ার ছেলে। তিনি রূপসী ঘাট এলাকায় দৈনিক মজুরির ভিত্তিতে মালামাল লোড-আনলোডের কাজ করতেন।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এসিআই কোম্পানির একটি ট্রাক নিয়ে রূপসী কাজীপাড়া সোনালী ঘাট থেকে কর্ণগোপ বারোবিঘা এলাকার একটি গুদামের দিকে যাচ্ছিলেন চালক ইয়াকুব হোসেন। পথে রূপসী ঘাট এলাকায় যাওয়ার সময় তিনি মুঠোফোনে কথা বলছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এ সময় রাস্তা পার হওয়ার সময় মনির হোসেনকে ট্রাকটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকচালক ইয়াকুব হোসেন ও ট্রাকটি আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।
রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) পার্থ বলেন, ট্রাকচালক ইয়াকুব হোসেন ও ট্রাকটি আটক করা হয়েছে। নিহত ব্যক্তির লাশ এবং আটক ব্যক্তির বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
১১৭ বার পড়া হয়েছে