বন্যায় নেপালের বিদ্যুৎ উৎপাদন ব্যাহত, বাংলাদেশে রপ্তানি বন্ধ
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ১১:৫৬ অপরাহ্ন
শেয়ার করুন:
ভয়াবহ বন্যায় নেপালের একাধিক জলবিদ্যুৎ প্রকল্প ক্ষতিগ্রস্ত হওয়ায় বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানি সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। ভারতীয় বিদ্যুৎ সঞ্চালনব্যবস্থা ব্যবহার করে বাংলাদেশে বিদ্যুৎ পাঠাত নেপাল। বন্যার পর বাংলাদেশে রপ্তানির সঙ্গে যুক্ত দুটি প্রকল্পের উৎপাদন বন্ধ থাকায় বর্তমানে রপ্তানির পরিমাণ শূন্যে নেমেছে।
বর্ষা মৌসুমে নেপাল থেকে গড়ে প্রায় ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করা হলেও সাম্প্রতিক বন্যার কারণে দেশটির রপ্তানি কমে প্রায় ৬৫০ মেগাওয়াটে দাঁড়িয়েছে। এর মধ্যে বাংলাদেশে সরবরাহ করা বিদ্যুতের পরিমাণও বন্ধ হয়ে গেছে।
বাংলাদেশে ভারত হয়ে বিদ্যুৎ রপ্তানি করত নেপালের চিলিমে ও ত্রিশূলী জলবিদ্যুৎ প্রকল্প। বন্যার পর গত সপ্তাহ থেকে দুটি প্রকল্পেরই বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। চিলিমে প্রকল্প থেকে ভারতে ২১ দশমিক ৪ মেগাওয়াট এবং ত্রিশূলী প্রকল্প থেকে ১৮ দশমিক ৬ মেগাওয়াট বিদ্যুৎ রপ্তানি করা হতো।
বাংলাদেশে রপ্তানি করা বিদ্যুতের মূল্য মার্কিন ডলারে পেয়ে থাকে নেপাল। দেশটির বিদ্যুৎ কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক দির্ঘায়ু কুমার শ্রেষ্ঠা জানিয়েছেন, বর্তমানে বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির পরিমাণ শূন্য। বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহকারী দুটি প্রকল্পই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
বিকল্প ব্যবস্থা হিসেবে অন্য একটি জলবিদ্যুৎ প্রকল্প থেকে বাংলাদেশে বিদ্যুৎ পাঠানোর অনুমতি দিতে ভারতকে অনুরোধ করেছে নেপাল বিদ্যুৎ কর্তৃপক্ষ। তবে এ ক্ষেত্রে ভারতের অনুমোদন প্রয়োজন হবে।
বন্যার প্রভাব শুধু বাংলাদেশে বিদ্যুৎ রপ্তানির সঙ্গে যুক্ত প্রকল্পেই সীমাবদ্ধ নয়। নেপালের মোট ১২টি জলবিদ্যুৎ প্রকল্পে বর্তমানে বিদ্যুৎ উৎপাদন বন্ধ রয়েছে। এর মধ্যে সানজেন, আপার সানজেন ও সালাসুঙ্গি প্রকল্পকে ‘আইসোলেটেড মোডে’ রাখা হয়েছে। অর্থাৎ এসব প্রকল্প জাতীয় বিদ্যুৎ গ্রিডের বাইরে থেকে পরিচালিত হচ্ছে এবং মূলত আশপাশের এলাকার বিদ্যুতের চাহিদা পূরণে সীমিতভাবে উৎপাদন করছে।
এদিকে বন্যার পাশাপাশি কিছু প্রকল্পের রপ্তানি অনুমোদনের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় ভারতেও নেপালের বিদ্যুৎ রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে। আপার চামেলিয়া জলবিদ্যুৎ প্রকল্পের বিদ্যুৎ রপ্তানির অনুমোদনের মেয়াদ ৩১ জুন শেষ হয়েছে। অন্যদিকে রিভার ও আপার তাদি খোলা প্রকল্পের অনুমোদনের মেয়াদ শেষ হয়েছে ৩১ জুলাই।
নেপালের বিদ্যুৎ কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী, ভারতে বিদ্যুৎ রপ্তানির এসব অনুমোদন প্রতিবছর নবায়ন করতে হয়। অনুমোদন নবায়ন না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট প্রকল্পগুলো থেকে ভারতে বিদ্যুৎ রপ্তানি করা সম্ভব হবে না।
১২২ বার পড়া হয়েছে