রূপগঞ্জে অস্ত্রসহ ২৬ মামলার আসামি গ্রেপ্তার
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ১০:০৫ অপরাহ্ন
শেয়ার করুন:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও সাতটি গুলিসহ কালাই সবুজ নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, তাঁর বিরুদ্ধে হত্যা মামলাসহ মোট ২৬টি মামলা রয়েছে এবং একটি হত্যা মামলায় তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি। এ সময় তাঁর সহযোগী এজাজুলকেও গ্রেপ্তার করা হয়।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিদেশি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ কালাই সবুজ (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর ডেমরা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে সহযোগী এজাজুলকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, গ্রেপ্তার কালাই সবুজ রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকার কালাই মিয়ার ছেলে। তাঁর বিরুদ্ধে হত্যা মামলাসহ বিভিন্ন অভিযোগে মোট ২৬টি মামলা রয়েছে। এর মধ্যে একটি হত্যা মামলায় তিনি যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাহউদ্দিন বলেন, কালাই সবুজকে গ্রেপ্তারের জন্য পুলিশ গত প্রায় তিন মাস ধরে তাঁর অবস্থান সম্পর্কে নজরদারি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ডেমরা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, অভিযানের সময় কালাই সবুজের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও সাতটি গুলি উদ্ধার করা হয়েছে।
পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রূপসী এলাকায় অভিযান চালিয়ে এজাজুলকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, এজাজুলের বিরুদ্ধেও একাধিক মামলা রয়েছে। তিনি রূপগঞ্জের ভুলতা এলাকার মাঝিপাড়ার মৃত শাহাদাতের ছেলে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, কালাই সবুজ মুড়াপাড়া এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করতেন। তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলোর মধ্যে সাতটি হত্যা মামলাও রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাঁদের নারায়ণগঞ্জের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে রূপগঞ্জ থানা পুলিশ।
১২৩ বার পড়া হয়েছে