সর্বশেষ

সারাদেশ

জামালপুরে ৯ ঘণ্টা পর বাস ধর্মঘট প্রত্যাহার, শুরু চলাচল

ফজলে এলাহী মাকাম, জামালপুর
ফজলে এলাহী মাকাম, জামালপুর

বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৫৯ অপরাহ্ন

শেয়ার করুন:
জেলা প্রশাসনের সঙ্গে প্রায় দুই ঘণ্টার বৈঠকের পর আশ্বাস পেয়ে জামালপুরে ৯ ঘণ্টা পর বাস ধর্মঘট প্রত্যাহার করেছেন বাস মালিক ও পরিবহন শ্রমিক সংগঠনের নেতারা। আজ বৃহস্পতিবার বিকেল ৩টা থেকে জামালপুরের সঙ্গে দেশের বিভিন্ন জেলার বাস চলাচল আবার শুরু হয়েছে।

রাজিব পরিবহনের একটি বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত ও অন্তত ১৬ জন আহত হওয়ার ঘটনার পর জামালপুরে বাস চলাচল বন্ধের ঘোষণা দেওয়া হয়েছিল। বুধবারের ওই ঘটনার জেরে আজ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে জামালপুর বাস মিনিবাস মালিক সমিতি ও বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠন ধর্মঘট শুরু করে। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ যাত্রীরা।

বাস মালিক ও শ্রমিক সংগঠনগুলোর অভিযোগ, জামালপুর–ময়মনসিংহ–ঢাকা মহাসড়কে রাজিব পরিবহনের কিছু বাস বেপরোয়াভাবে চলাচল করায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এ বিষয়ে প্রশাসনের কাছে একাধিকবার অভিযোগ করেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ তৈরি হয়।

এর আগে বুধবার বিকেলে জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকায় রাজিব পরিবহনের রুট পারমিট বাতিল ও বাস চলাচল বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন স্থানীয় লোকজন। একপর্যায়ে বিক্ষোভকারীরা ঢাকা ও জামালপুরগামী রাজিব পরিবহনের দুটি বাস থামিয়ে যাত্রীদের নামিয়ে দেন। পরে বাস দুটি নান্দিনা পূর্ববাজারের খেলার মাঠে নিয়ে ভাঙচুর করা হয়।

এ ঘটনার পর রাজিব পরিবহনের শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর পরিপ্রেক্ষিতে জামালপুর বাস মিনিবাস মালিক সমিতি ও বিভিন্ন পরিবহন শ্রমিক সংগঠন বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দেয়।

জামালপুর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভ বলেন, প্রশাসনের কাছে মালিকদের পক্ষ থেকে ১১ দফা দাবি তুলে ধরা হয়েছে। এসব দাবি নিয়ে বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় হয়।

বৈঠকে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়। পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম আবদুল্লাহ বিন রশিদের আশ্বাসের পর ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় বাস মালিক সমিতি ও শ্রমিক সংগঠনগুলো।

জামালপুর থেকে বিকেল ৩টার দিকে দেশের বিভিন্ন গন্তব্যে বাস চলাচল স্বাভাবিক হয়। দীর্ঘ সময় বাস বন্ধ থাকায় ভোগান্তিতে পড়া যাত্রীরা আবার গন্তব্যে যাতায়াতের সুযোগ পান।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন