গাড়ি ভাঙচুরের প্রতিবাদে জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:২৪ অপরাহ্ন
শেয়ার করুন:
জামালপুরে রাজিব পরিবহনের বাস চলাচল বন্ধের দাবিতে গাড়ি ভাঙচুরের প্রতিবাদে জামালপুর-ঢাকা রুটে সব ধরনের বাস চলাচল বন্ধ ঘোষণা করেছে পরিবহন মালিক-শ্রমিক সংগঠন। বুধবার রাত থেকে আকস্মিক এই সিদ্ধান্তের ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। প্রশাসন ও মালিক সমিতির পক্ষ থেকে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে জানা গেছে।
গত ৩১ আগস্ট রাতে জামালপুর সদর উপজেলার লাহেরীকান্দা এলাকায় রাজিব পরিবহনের একটি বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই চারজনের মর্মান্তিক মৃত্যু হয় এবং অন্তত ১৬ জন গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জামালপুর-ময়মনসিংহ-ঢাকা রুটে রাজিব পরিবহনের বাসগুলো প্রতিনিয়ত অত্যন্ত বেপরোয়া গতিতে চলাচল করে, যা নিয়মিত দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়িয়েছে।
প্রশাসনের কাছে বারবার অভিযোগ করেও কোনো সুরাহা না পাওয়ায়, গত বুধবার বিকেলে জামালপুর সদর উপজেলার নান্দিনা এলাকায় রাজিব পরিবহনের রোড পারমিট বাতিল ও বাস চলাচল বন্ধের দাবিতে স্থানীয়রা বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় উত্তেজিত জনতা ঢাকা ও জামালপুরগামী রাজিব পরিবহনের দুটি বাস থামিয়ে যাত্রীদের নামিয়ে দেন এবং গাড়ি দুটি নান্দিনা পূর্ববাজার খেলার মাঠে নিয়ে ভাঙচুর করেন।
এই ঘটনার পর ওই রুটে চলাচলকারী বাস চালক ও শ্রমিকদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে বুধবার রাত থেকেই জামালপুর বাস পরিবহন মালিক সমিতি ও শ্রমিক সংগঠন যৌথভাবে জামালপুর থেকে ঢাকা রুটে সব ধরনের বাস চলাচল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। তবে এই ধর্মঘটের কারণে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির মুখে পড়েছেন। এ বিষয়ে জানতে জামালপুর বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শুভর মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
১২৬ বার পড়া হয়েছে