ফরিদপুর জেনারেল হাসপাতাল ২৫০ শয্যায় উন্নীত করার নির্দেশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬ ৩:২২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুর জেনারেল হাসপাতালকে ১০০ শয্যা থেকে ২৫০ শয্যায় উন্নীত করার উদ্যোগ অবশেষে বাস্তবায়নের পথে এগোচ্ছে। বেজমেন্টসহ ১৫ তলা আধুনিক ভবন ও জরুরি বিভাগ নির্মাণের এই মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নে স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়। এর ফলে জেলার বিশাল জনগোষ্ঠী উন্নত ও আধুনিক চিকিৎসাসেবা পাবেন বলে আশা করা হচ্ছে।
হাসপাতালটির আধুনিকায়নের লক্ষ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য একটি আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে। গত ২৪ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রটোকল অফিসার-১ মো. উজ্জ্বল হোসেনের স্বাক্ষরিত ওই চিঠিতে জরুরিভিত্তিতে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়।
চিঠির তথ্য অনুযায়ী, ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফের একটি বিশেষ আবেদনের পরিপ্রেক্ষিতে এই উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্পটির আওতায় রয়েছে ১০০ শয্যার হাসপাতালটিকে ২৫০ শয্যায় রূপান্তর এবং একটি অত্যাধুনিক ১৫ তলা ভবন নির্মাণ। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এই কাজের অগ্রগতি প্রতিবেদনও তলব করা হয়েছে।
এই মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে বৃহত্তর ফরিদপুর অঞ্চলের স্বাস্থ্য খাতে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে। উন্নত অবকাঠামো, আধুনিক চিকিৎসাসামগ্রী এবং নতুন জরুরি বিভাগের মাধ্যমে স্থানীয় রোগীরা এখন নিজ জেলাতেই উন্নত চিকিৎসা লাভ করতে পারবেন।
এ বিষয়ে ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ জানান, এলাকার মানুষের দোরগোড়ায় মানসম্মত ও আধুনিক চিকিৎসা সেবা পৌঁছে দিতে তাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। এদিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এমন ইতিবাচক নির্দেশনার পর প্রকল্পটির দ্রুত বাস্তবায়নের প্রত্যাশায় দিন গুনছেন ফরিদপুরবাসী।
১০৭ বার পড়া হয়েছে