আওয়ামী ব্যবসায়ী সিন্ডিকেটই দেশে কৃত্রিম সংকট তৈরি করছে : ওয়াদুদ ভূঁইয়া
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ ৯:৪৪ অপরাহ্ন
শেয়ার করুন:
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সংসদ সদস্য ওয়াদুদ ভূঁইয়া অভিযোগ করেছেন, আওয়ামী ব্যবসায়ী সিন্ডিকেটই দেশে কৃত্রিম সংকট তৈরি করে অস্থিতিশীলতার চেষ্টা করছে।
মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে খাগড়াছড়িতে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির সূচনা করা হয়। বেলা সাড়ে ১১টায় শহরের চেঙ্গি স্কয়ার থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটির উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ জিয়ার স্মৃতি ভাস্কর্যে গিয়ে শেষ হয়। সেখানে পুষ্পস্তবক অর্পণের পর দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বৃক্ষরোপণ করেন প্রধান অতিথি। পরবর্তীতে খাগড়াছড়ি পৌর টাউন হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় ওয়াদুদ ভূঁইয়া তাঁর বক্তব্যে দাবি করেন, বিগত সরকারের রেখে যাওয়া বড় বড় ব্যবসায়ী সিন্ডিকেট চক্র দেশকে পঙ্গু করার চক্রান্ত করছে। তবে বর্তমান সংকটময় পরিস্থিতি বেশিদিন স্থায়ী হবে না এবং আগামী তিন মাসের মধ্যে বিদ্যুৎ সংকটের সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এম এন আবছার, পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা, ক্ষেত্র মোহন রোয়াজা, মোশাররফ হোসেন, অ্যাডভোকেট আব্দুল মালেক মিন্টু এবং সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজাসহ দলের শীর্ষ নেতারা। অনুষ্ঠান শেষে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন নেতাকর্মীরা।
১২৪ বার পড়া হয়েছে