বরিশালে নানা আয়োজনের মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ ৯:২৬ অপরাহ্ন
শেয়ার করুন:
বরিশালে নানান উৎসবমুখর আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে নগরীর বিভিন্ন স্থানে আনন্দ মিছিল, সংক্ষিপ্ত সমাবেশ ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করেন স্থানীয় নেতাকর্মীরা। অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতারা অংশ নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক দেন।
দলটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বরিশাল নগরীর বটতলা এলাকা থেকে একটি বিশাল আনন্দ মিছিল বের করা হয়। মহানগর বিএনপির সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদের নেতৃত্বে মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। একই সময়ে নগরীর অশ্বিনী কুমার টাউন হল সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে মহানগর বিএনপি।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য ও প্রবীণ বিএনপি নেতা অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার। তিনি তাঁর বক্তব্যে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আগামী দিনের আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আবুল হোসেন, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক এবং সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার। এছাড়াও সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন, জেলা পরিষদ প্রশাসক আকন কুদ্দুসুর রহমানসহ নগরীর ৩০টি ওয়ার্ডের বিপুল সংখ্যক নেতাকর্মী এতে অংশ নেন।
সংক্ষিপ্ত সমাবেশ ও আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ ও প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসব-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
১০৬ বার পড়া হয়েছে