চুয়াডাঙ্গায় মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চোরের মৃত্যু
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ ৮:৫০ অপরাহ্ন
শেয়ার করুন:
চুয়াডাঙ্গার দামুড়হুদায় গভীর রাতে একটি বাড়ির পানির পাম্প বা মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শফিকুল ইসলাম ওরফে বরু (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। পুলিশের প্রাথমিক ধারণা, মোটরের বৈদ্যুতিক সংযোগের তার কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার প্রাণহানি ঘটে।
লোমহর্ষক এই ঘটনাটি ঘটেছে দামুড়হুদা উপজেলার লোকনাথপুর গ্রামের পশ্চিমপাড়ায়। সোমবার দিবাগত রাতের কোনো এক সময়ে স্থানীয় বাসিন্দা কেরামত আলীর বাড়িতে এই চুরির চেষ্টা চালানো হয়। ঘটনার পরদিন ভোরে পরিবারের এক নারী সদস্য ওজু করার জন্য ঘরের বাইরে এলে বাড়ির টিউবওয়েলের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখেন। পরে তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে দামুড়হুদা মডেল থানায় খবর দেয়।
নিহত শফিকুল ইসলাম দর্শনা পৌরসভার শান্তিপাড়ার মৃত সিরাজুল ইসলামের ছেলে। স্থানীয় বাসিন্দারা জানান, নিহত শফিকুলের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন এলাকায় চুরির অভিযোগ ছিল এবং একাধিকবার তিনি ধরা পড়ে গণধোলাইয়ের শিকার হয়েছিলেন।
খবর পেয়ে দামুড়হুদা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। পুলিশের উপপরিদর্শক (এসআই) মানজেরুল হাসান জানান, প্রাথমিক সুরতহালে মরদেহের শরীরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পুড়ে যাওয়ার স্পষ্ট চিহ্ন পাওয়া গেছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে এবং ঘটনাটি গুরুত্বসহকারে খতিয়ে দেখা হচ্ছে।
১১০ বার পড়া হয়েছে