কলাপাড়ায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপিত
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ৬:৫৯ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় উৎসবমুখর পরিবেশে ও নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ‘নজরুল বর্ষ: ২০২৬-২০২৭’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
মঙ্গলবার বেলা ১১টায় কলাপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে পায়রা হলরুমে এই আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ‘নজরুল বর্ষ: ২০২৬-২০২৭’-এর শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুজ্জামান।
অনুষ্ঠানে বক্তারা জাতীয় কবির সাহিত্যকর্ম, দেশপ্রেম এবং অসাম্প্রদায়িক চেতনার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, নজরুলের কবিতা ও গান আজীবন বাঙালিকে যেকোনো অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার প্রেরণা জোগাবে। তরুণ প্রজন্মের মাঝে কবির সৃষ্টিকে ছড়িয়ে দিতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয় বলে উল্লেখ করেন বক্তারা।
বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) সহকারী পরিচালক আছাদুজ্জামান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকছেদুল আলম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহিরুল ইসলাম এবং একাডেমিক সুপারভাইজার মনিরুজ্জামান খান। এছাড়াও যুব উন্নয়ন কর্মকর্তা জুলহাজ, পৌর বিএনপির সভাপতি গাজী ফারুক, সাধারণ সম্পাদক মুসা তাওহিদ নান্নু মুন্সি এবং মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাজাহান পারভেজসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী পর্বের আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবিতা আবৃত্তির আয়োজন করা হয়। যেখানে স্থানীয় শিল্পীরা কবির রচিত গান ও কবিতা পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন।
১২১ বার পড়া হয়েছে