হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন: অনিয়মের অভিযোগে ৩ নার্স বদলি
সোমবার, ৩১ আগস্ট, ২০২৬ ৩:১২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। হাসপাতালটির চরম অব্যবস্থাপনা ও রোগীদের ক্ষোভের মুখে তাৎক্ষণিকভাবে তিন সিনিয়র নার্সকে বদলির নির্দেশ দেওয়া হয়। সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে কোনো ধরনের অবহেলা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দেন মন্ত্রী।
রোববার বেলা ১২টার দিকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন আকস্মিকভাবে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছান এবং সেখানে প্রায় দুই ঘণ্টা অবস্থান করেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখার পাশাপাশি টিকিট কাউন্টারে লাইনে দাঁড়ানো সাধারণ সেবাগ্রহীতাদের সঙ্গে সরাসরি কথা বলেন।
পরিদর্শনকালে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ভুক্তভোগী রোগীরা স্বাস্থ্যমন্ত্রীর সামনেই হাসপাতালের নানা অনিয়ম, নোংরা পরিবেশ ও চরম অব্যবস্থাপনার কথা তুলে ধরে ক্ষোভ প্রকাশ করেন। মন্ত্রী রোগীদের সব অভিযোগ অত্যন্ত গুরুত্বসহকারে শোনেন এবং হাসপাতালটির চিকিৎসক ও জনবল সংকট মেটানোর আশ্বাস দেন।
হাসপাতালের সার্বিক পরিবেশ ও সেবার মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে মন্ত্রী স্থানীয় প্রশাসনকে দালাল চক্র উচ্ছেদে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। এ সময় অনিয়ম ও কর্তব্যে গাফিলতির অভিযোগে তাৎক্ষণিকভাবে হাসপাতালের ৩ জন সিনিয়র নার্সকে বদলির আদেশ জারি করা হয়।
পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রীর সাথে আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা সিভিল সার্জন ডা. মো. জালাল উদ্দিন মোল্লা, সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ শাওন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মমিনুর রহমান সরকারসহ প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
১০৪ বার পড়া হয়েছে