কৃষি মৌসুমের আগেই বিদ্যুৎ ও সার সংকট সমাধান হবে: হুইপ দুলু
শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬ ১১:১৬ অপরাহ্ন
শেয়ার করুন:
দেশের চলমান বিদ্যুৎ ও সার সংকট আসন্ন কৃষি মৌসুমের আগেই দ্রুত দূর করা হবে বলে আশ্বাস দিয়েছেন জাতীয় সংসদের হুইপ এডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নাটোরের নলডাঙ্গায় এক দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
নাটোর-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির এই প্রভাবশালী নেতা অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সরকারের লাগামহীন অপশাসন, ব্যাপক দুর্নীতি ও ব্যাংক লুটপাটের কারণেই দেশ আজ তীব্র বিদ্যুৎ সংকটে নিমজ্জিত হয়েছে। কুইক রেন্টাল প্রকল্পের নামে দেশের অর্থ লোপাট করে জনগণকে ঋণের জালে জর্জরিত করা হয়েছে বলে তিনি দাবি করেন।
কৃষকদের আশ্বস্ত করে তিনি আরও জানান, চাষাবাদের মূল মৌসুম শুরু হওয়ার আগেই বর্তমান প্রশাসন বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক করতে বদ্ধপরিকর। এছাড়া সারের কৃত্রিম সংকট তৈরি করে যারা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে, তাদের কঠোর হস্তে দমন করার ঘোষণা দেন তিনি।
সংকট নিরসনে প্রতিটি ইউনিয়নে নতুন ও সৎ ডিলার নিয়োগের মাধ্যমে প্রান্তিক কৃষকদের মাঝে পর্যাপ্ত সার সরবরাহ নিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার নলডাঙ্গা উপজেলার বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের রামসাকাজিপুর জামে মসজিদে আয়োজিত এক দোয়া ও মিলাদ মাহফিলে তিনি এসব কথা তুলে ধরেন।
উক্ত অনুষ্ঠানে নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ এবং বিসিবির কাউন্সিলর ফরহাদ আলী দেওয়ান শাহীনসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
১২৩ বার পড়া হয়েছে