সরকার স্পর্শকাতর সময় পার করছে: পার্থ, জনগণকে সঙ্গে থাকার আহ্বান
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ ৮:৪২ অপরাহ্ন
শেয়ার করুন:
বর্তমান সরকার কোনো স্বাভাবিক সময়ে ক্ষমতায় আসেনি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। তিনি বলেছেন, সবকিছু মিলিয়ে সরকার এখন একটি স্পর্শকাতর সময় পার করছে। দেশের মানুষ সরকারের সঙ্গে থাকলে সরকার এগিয়ে যাবে।
মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ।
মন্ত্রী বলেন, বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে যারা ফ্যাসিবাদকে প্রতিষ্ঠিত করতে চান, তাঁদের সামাজিকভাবে বয়কট করা ছাড়া উপায় নেই। তাঁর ভাষায়, চিন্তা ও চেতনায় কেউ স্বৈরাচারকে ভালোবাসলে সেটি তাঁর দৈন্যতা।
আন্দালিভ রহমান পার্থ বলেন, কোনো ব্যক্তির কর্মকাণ্ড রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে গেলে সামাজিকভাবে বয়কটের পাশাপাশি তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।
দেশের বিভিন্ন স্থানে কনসার্টসহ সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিলের প্রসঙ্গেও কথা বলেন তথ্যমন্ত্রী। তিনি জানান, ব্রাহ্মণবাড়িয়াসহ দু-একটি জায়গায় সাংস্কৃতিক অনুষ্ঠান বাতিলের সিদ্ধান্ত নিরাপত্তাজনিত কারণে নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে সরকার পর্যালোচনা করছে।
এদিকে ঢাকার পানিসংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে বলেও ব্রিফিংয়ে জানানো হয়।
১৩৭ বার পড়া হয়েছে