লন্ডনে বাংলাদেশের নতুন হাইকমিশনার মোহাম্মদ আব্দুল মুহিত
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ ৭:০৩ অপরাহ্ন
শেয়ার করুন:
যুক্তরাজ্যে বাংলাদেশের নতুন হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত। দুই বছরের চুক্তিতে তাঁকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
মোহাম্মদ আব্দুল মুহিত বর্তমানে ফরেন সার্ভিস একাডেমির রেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন নিয়োগে তাঁকে গ্রেড-১ মর্যাদায় যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, আব্দুল মুহিতের অবসরোত্তর ছুটি ও এ-সংক্রান্ত সুবিধা স্থগিত রেখে তাঁকে এই নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক না রাখার শর্তও রয়েছে। যোগদানের তারিখ থেকে তাঁর নিয়োগ কার্যকর হবে। নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।
মোহাম্মদ আব্দুল মুহিত বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১১তম ব্যাচের কর্মকর্তা। দীর্ঘ কূটনৈতিক জীবনে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
এর আগে তিনি অস্ট্রিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি জাতিসংঘ ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবেও কাজ করেছেন।
আব্দুল মুহিত বাংলাদেশের যুক্তরাষ্ট্র, ইতালি, কাতার ও কুয়েত মিশনেও বিভিন্ন দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি।
যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে দেশটির সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক ও দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
২৩৫ বার পড়া হয়েছে