নরসিংদীতে লরির ধাক্কায় প্রাণ গেল মিল শ্রমিকের
মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬ ৬:২২ অপরাহ্ন
শেয়ার করুন:
নরসিংদীর পলাশে ইটবোঝাই একটি দ্রুতগামী লরির ধাক্কায় সেলিম মিয়া (৪২) নামের এক টেক্সটাইল মিল শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার ডাঙ্গা-পাঁচদোনা সড়কের তেপোথা এলাকায় কাজে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে ঘাতক লরিটি জব্দ করলেও চালক পলাতক রয়েছে।
নিহত সেলিম মিয়া পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের সান্তানপাড়া গ্রামের মিয়াজিগাঁও এলাকার মৃত আয়ুব আলীর ছেলে। তিনি স্থানীয় ডাঙ্গা এলাকার প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান চরকা টেক্সটাইল মিলে সাধারণ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে নিজের সাইকেলে চড়ে কর্মস্থলের উদ্দেশ্যে রওনা দেন সেলিম। সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে ডাঙ্গা-পাঁচদোনা সড়কের তেপোথা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রলি তাকে সজোরে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর পর চালক গাড়িটি রাস্তার পাশে ফেলে রেখে দ্রুত পালিয়ে যায়।
খবর পেয়ে ডাঙ্গা ফাঁড়ির পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। পলাশ থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের আবেদনের প্রেক্ষিতে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক লরিটি বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে এবং চালককে সনাক্ত করার চেষ্টা চলছে।
২২৭ বার পড়া হয়েছে