ময়মনসিংহে পশু চিকিৎসককে মারধর: অভিযুক্ত তরুণী গ্রেপ্তার
রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ ১০:৩৮ অপরাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহে চেম্বারে ঢুকে পশু চিকিৎসক ডা. মো. আশিকুর রহমানের ওপর হামলার ঘটনায় আফরিন রশিদ সেজুতি নামের এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পোষা বিড়াল মারা যাওয়ার জেরে ও চাঁদা দাবির অভিযোগে এই হামলা চালানো হয় বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে হামলার ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে।
ঘটনার বিবরণ থেকে জানা যায়, সম্প্রতি ময়মনসিংহের মাসকান্দা নতুন বাজার এলাকার বাসিন্দা ডা. হারুন অর রশিদের মেয়ে আফরিন রশিদ সেজুতির একটি পোষা বিড়াল মারা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে ময়মনসিংহ শহরের একটি চেম্বারে ঢুকে কর্তব্যরত পশু চিকিৎসক ডা. মো. আশিকুর রহমানের ওপর বর্বরোচিত হামলা চালানো হয়।
হামলার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দ্রুত ছড়িয়ে পড়ে। 'পোষা বিড়াল মারা যাওয়ায় ময়মনসিংহে পশু চিকিৎসকের ওপর হামলা' শিরোনামের ভিডিওটি জেলা পুলিশের নজরে আসার পর কোতোয়ালী মডেল থানা পুলিশ ছায়াতদন্ত শুরু করে। তথ্যপ্রযুক্তির সহায়তা ও স্থানীয় সূত্র ধরে ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ অভিযুক্ত সেজুতিকে শনাক্ত করে।
কোতোয়ালী থানা পুলিশ রোববার ময়মনসিংহ নগরীর আকুয়া এলাকায় অভিযান চালিয়ে ২০ বছর বয়সী অভিযুক্ত তরুণী সেজুতিকে গ্রেপ্তার করে। ভুক্তভোগী পশু চিকিৎসক অভিযোগ করেছেন, তাঁর কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোতেই তাঁর ওপর এই হামলা চালানো হয়। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে এক ছাত্রদল নেতাকেও ইতিমধ্যে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. আবদুল্লাহ আল-মামুন জানান, ভাইরাল হওয়া ভিডিওটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত বাকি আসামিদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশ সদা তৎপর।
১২৩ বার পড়া হয়েছে