শিবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযান: ১৩০ বোতল এস্কাফ সিরাপ জব্দ
রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ ৯:৪২ অপরাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উপজেলার পাঁকা ইউনিয়নের চালকিপাড়া এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ১৩০ বোতল এস্কাফ সিরাপ জব্দ করা হয়।
সীমান্তে মাদক চোরাচালান রোধে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এরই ধারাবাহিকতায় চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর মনাকষা বিওপির একটি বিশেষ টহল দল এই মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। উদ্ধারকৃত ভারতীয় এস্কাফ সিরাপের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫২ হাজার টাকা বলে জানা গেছে।
বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকাল আনুমানিক ১০টার দিকে চালকিপাড়া গ্রামে অভিযান চালায় টহল দল। সেখানে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এসব নিষিদ্ধ ভারতীয় মাদক উদ্ধার করা হয়। পরবর্তীতে উদ্ধারকৃত এস্কাফ সিরাপগুলো আইনি প্রক্রিয়া শেষে স্থানীয় শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
ব্যাটালিয়নের পরিসংখ্যান অনুযায়ী, সদ্য সমাপ্ত আগস্ট মাসে সীমান্ত এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে মোট ৫২২ বোতল এস্কাফ এবং ১১৫ বোতল ফেয়ারডিল সিরাপ জব্দ করা হয়েছে। চোরাকারবারিদের প্রতিহত করতে সীমান্তে বিজিবির টহল জোরদার করা হয়েছে।
এ বিষয়ে ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি জানান, সীমান্ত সুরক্ষা এবং দেশের অভ্যন্তরে মাদকের প্রবেশ ঠেকাতে বাংলাদেশ সরকারের 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে কাজ করছে বিজিবি। চোরাচালান নির্মূল না হওয়া পর্যন্ত এমন অভিযান অব্যাহত থাকবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।
১১৬ বার পড়া হয়েছে