গণমাধ্যম নিয়ন্ত্রণ নয়, স্বাধীনভাবে কাজের সুযোগ দিতে হবে: তথ্যমন্ত্রী
রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ ৫:৫১ অপরাহ্ন
শেয়ার করুন:
তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেছেন, সাংবাদিক ও গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, স্বাধীনভাবে কাজের সুযোগ দিতে হবে। মন্ত্রণালয়ের দায়িত্ব গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা নয়; প্রয়োজনীয় ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করাই মন্ত্রণালয়ের কাজ বলে মন্তব্য করেন তিনি।
রোববার (২৩ আগস্ট) সচিবালয়ে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার অফিসে গিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে তথ্যমন্ত্রী এসব কথা বলেন।
সকাল ৮টা ২০ মিনিটে সচিবালয়ে পৌঁছে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন আন্দালিভ রহমান পার্থ। পরে সকাল সাড়ে ৯টার দিকে সচিবালয়ের ৬ নম্বর ভবনে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়।
মতবিনিময় সভায় তথ্যমন্ত্রী বলেন, সরকারের ভালো কাজগুলো জনগণের কাছে পৌঁছে দিতে হবে। একই সঙ্গে জনগণের সঙ্গে সরকারের সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিতে হবে।
দেশের সংস্কৃতি, মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ ও মুক্তিযুদ্ধের চেতনাকে গুরুত্ব দেওয়ার দায়িত্বও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের রয়েছে বলে উল্লেখ করেন তিনি।
আন্দালিভ রহমান পার্থ বলেন, বাংলাদেশের ইতিহাসের একটি কঠিন সময়ে বর্তমান সরকার দায়িত্ব নিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কাজ করতে গিয়ে ভুল-ত্রুটি হতে পারে, তবে নৈতিকতার জায়গায় সরকার শক্ত অবস্থানে রয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা হলো দেশের সেবা করা এবং জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। সংবাদমাধ্যম গণতন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। গত ১৭ বছরে গণতন্ত্র প্রতিষ্ঠার যে লড়াই হয়েছে, সেখানে সংবাদমাধ্যমেরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
তথ্যমন্ত্রী আরও বলেন, নানা ধরনের নিয়ন্ত্রণ ও চাপের মধ্যেও সংবাদমাধ্যমের মাধ্যমে মানুষ সরকারের ব্যর্থতা, অনিয়ম, নির্যাতন ও গণতন্ত্রের কণ্ঠরোধের নানা তথ্য জানতে পেরেছে। তাই জুলাইয়ের আন্দোলনে সংবাদমাধ্যম ও সাংবাদিকদের ভূমিকা কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নেই।
গণমাধ্যম নিয়ন্ত্রণের বিষয়ে সতর্ক করে তিনি বলেন, মন্ত্রণালয়ের দায়িত্ব গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা নয়। প্রয়োজনীয় ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করা মন্ত্রণালয়ের দায়িত্ব। কোনোভাবেই যেন নিয়ন্ত্রণের পথে যাওয়া না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
গত ১৭ বছরে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবস্থায় যে ক্ষতি হয়েছে, তা মেরামত করে নতুন ব্যবস্থা গড়ে তুলতে সময় লাগবে বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী। বিচার বিভাগ, রাজনীতি, সংসদসহ বিভিন্ন সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠানে তৈরি হওয়া নৈতিক অবক্ষয় কাটিয়ে ওঠার ওপর গুরুত্ব দেন তিনি।
আন্দালিভ রহমান পার্থ বলেন, আগের ভুলের পুনরাবৃত্তি যেন না হয়, সেটিও নিশ্চিত করতে হবে। নতুন বাংলাদেশ গড়ে তোলার যে স্বপ্ন, সেটিকে সামনে রেখে কাজ করতে হবে। জনগণের স্বার্থ রক্ষা, ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান মেরামত এবং নতুন ব্যবস্থা গড়ে তোলার দিকে গুরুত্ব দিতে হবে।
সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সরকারের কোনো কর্মকাণ্ডের মাধ্যমে যেন অন্যায় না হয়, সেদিকেও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তথ্যমন্ত্রী বলেন, নিজ নিজ ক্ষেত্রে তারা তার চেয়ে অনেক বেশি অভিজ্ঞ ও দক্ষ। তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি সম্মিলিতভাবে কাজ করতে চান।
১৪১ বার পড়া হয়েছে