মোংলায় মাছ দেওয়ার প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার
শনিবার, ২২ আগস্ট, ২০২৬ ২:২১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাগেরহাটের মোংলায় ১৩ বছরের এক কিশোরীকে মাছ দেওয়ার প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে সুমন শিকদার নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পাঁচ দিন পর অভিযুক্ত সুমনকে গ্রেফতার করেছে মোংলা থানা পুলিশ। এ ঘটনায় নির্যাতিতা কিশোরীর পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট মোংলা পৌর শহরের সিগনাল টাওয়ার ৯ নম্বর ওয়ার্ড এলাকায় এই ধর্ষণের ঘটনা ঘটে। অভিযুক্ত সুমন শিকদার একই এলাকার কাঞ্চন শিকদারের ছেলে। ঘটনার দিন সুমন ওই কিশোরীকে মাছ দেওয়ার কথা বলে একটি নির্জন মৎস্যঘেরে ডেকে নিয়ে যায়। সেখানে কেউ না থাকার সুযোগে মেয়েটির মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে থানায় দায়েরকৃত এজাহারে উল্লেখ করা হয়েছে।
ধর্ষণের পর ভুক্তভোগী কিশোরী বাড়িতে ফিরে পরিবারের কাছে বিষয়টি বিস্তারিত খুলে বলে। এরপরই পরিবারের সদস্যরা আইনি সহায়তার জন্য মোংলা থানায় যোগাযোগ করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত সুমন এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। অবশেষে গত ২১ আগস্ট দুপুরে পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনায় থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। নির্যাতিতা কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রস্তুতি চলছে।
১৪৮ বার পড়া হয়েছে