ইউনূসসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ ৯:৪৯ অপরাহ্ন
শেয়ার করুন:
ধানমন্ডি ৩২–এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিবিজড়িত বাসভবন ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহসহ ২৭ জনের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে তামান্না চৌধুরী প্রিয়াংকা নামের এক নারী এ মামলার আবেদন করেন। সকাল ১১টার দিকে বাদীর জবানবন্দি গ্রহণ করা হয়। পরে মামলার নথি পর্যালোচনা শেষে আদালত আবেদনটি খারিজ করে দেন।
মামলার আবেদনে ড. মুহাম্মদ ইউনূসের পাশাপাশি সাবেক আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান, সংসদ সদস্য নাহিদ ইসলাম, সাবেক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী, সাবেক প্রেস সচিব শফিকুল আলম এবং সাবেক স্বরাষ্ট্র সচিব লে. জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীসহ আরও ২৭ জনকে আসামি করা হয়।
আবেদনে অভিযোগ করা হয়, ২০২৫ সালের ৫ আগস্ট আসামিদের কয়েকজনের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদ, উসকানি ও সহযোগিতায় কয়েক হাজার ব্যক্তি ধানমন্ডি ৩২–এর ঐতিহাসিক বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে হামলা চালান। হামলাকারীদের হাতে লাঠিসোঁটা, হাতুড়ি ও দাহ্য পদার্থসহ বিভিন্ন সরঞ্জাম ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।
মামলার আবেদনে আরও বলা হয়, হামলাকারীরা ভবনে প্রবেশ করে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এতে ঐতিহাসিক নিদর্শন, নথিপত্র, মুক্তিযুদ্ধসংক্রান্ত দলিল, প্রামাণ্যচিত্র ও বইসহ বিভিন্ন সম্পদের ক্ষয়ক্ষতি হয়। কিছু সম্পদ লুট করে নেওয়ার অভিযোগও করা হয়েছে।
অভিযোগে বলা হয়, পরে বুলডোজার, এক্সকাভেটর ও হ্যামারের মতো ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ভবনটি রাতভর ভাঙা হয়। ৬ আগস্ট বিকেল ৫টা পর্যন্ত ভবনটি ভেঙে ফেলার কাজ চলে বলেও মামলার আবেদনে উল্লেখ করা হয়।
মামলার আবেদনে সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর একটি ফেসবুক পোস্টের কথাও উল্লেখ করা হয়েছে। সেখানে তিনি ‘আজ রাত বাংলাদেশে ফ্যাসিবাদের তীর্থভূমি মুক্ত হবে’—এমন বক্তব্য দিয়েছিলেন বলে বাদীপক্ষ দাবি করেছে। এরপর ধানমন্ডি ৩২–এ হামলা, অগ্নিসংযোগ ও বিস্ফোরক ব্যবহারের মাধ্যমে ভবনটি ধ্বংস করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
বাদীপক্ষ দণ্ডবিধির বিভিন্ন ধারা, বিস্ফোরক দ্রব্য আইন এবং সন্ত্রাসবিরোধী আইনের সংশ্লিষ্ট ধারায় অপরাধ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেছিল। তবে শুনানি ও নথি পর্যালোচনা শেষে আদালত মামলার আবেদনটি খারিজ করে দেন।
১২৪ বার পড়া হয়েছে