খাগড়াছড়িতে বর্ণাঢ্য আয়োজনে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ ৬:১৪ অপরাহ্ন
শেয়ার করুন:
পার্বত্য জেলা খাগড়াছড়িতে নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বর্ণিল র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে দিবসটি উদযাপন করেন স্থানীয় নেতাকর্মীরা।
১৯ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দে সকালে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে খাগড়াছড়িতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর নানা আনুষ্ঠানিকতা শুরু হয়। পরবর্তীতে বিকেলে জেলা শহরের পৌর টাউন হল প্রাঙ্গণে বেলুন উড়িয়ে এক বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করেন অতিথিরা। বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে।
পুষ্পস্তবক অর্পণ শেষে খাগড়াছড়ির পৌর টাউন হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল নোমান সাগরের সভাপতিত্বে এবং সদস্য সচিব নূর মোহাম্মদ হৃদয়ের সঞ্চালনায় এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার।
এতে স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক একরাম হোসেন রানা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, সহ-সভাপতি মংসুইথোয়াই চৌধুরী, ক্ষেত্র মোহন রোয়াজা, যুগ্ম-সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, অনিমেষ চাকমা রিঙ্কু, মোশাররফ হোসেন এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজাসহ দলের অন্যান্য শীর্ষ নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও উন্নয়নের স্বার্থে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিশেষ করে পার্বত্য ও সমতলে বৈষম্যহীন সমাজ বিনির্মাণ এবং জনগণের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। আলোচনা সভা শেষে নেতৃবৃন্দ কেক কেটে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন।
১১৬ বার পড়া হয়েছে