হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, শনাক্ত ৮৭
বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬ ১২:২৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চারজনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগের দুজন এবং সিলেট ও বরিশাল বিভাগের একজন করে রয়েছেন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা ৯২২ জনে পৌঁছেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের বুধবারের হামের পরিস্থিতি-সংক্রান্ত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। বুলেটিন অনুযায়ী, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ওই চারজনের মৃত্যু হয়।
স্বাস্থ্য অধিদপ্তর ১৫ মার্চ থেকে দেশে হামের সংক্রমণ ও উপসর্গসংক্রান্ত তথ্য নিয়মিত প্রকাশ করছে। সরকারি হিসাবে, এ সময়ে হাম আক্রান্ত হয়ে ৯৯ জনের মৃত্যু হয়েছে। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ৮২৩ জন।
হামের উপসর্গ নিয়ে মৃত্যুর হিসাবে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এ বিভাগে এখন পর্যন্ত ৩৬৩ জনের মৃত্যু হয়েছে। এরপর সিলেট বিভাগে ১৩৬ জন, রাজশাহী বিভাগে ৯২ জন, ময়মনসিংহে ৭৪ জন, চট্টগ্রামে ৬৩ জন, বরিশালে ৪৯ জন, খুলনায় ৩২ জন এবং রংপুর বিভাগে ১৪ জন মারা গেছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৮৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে এসেছেন আরও ৯৩১ জন। তাঁদের মধ্যে ৭৮৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নতুন করে ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ২৮৩ জন, চট্টগ্রামে ১৪৪ জন, বরিশালে ১৩৪ জন, সিলেটে ১০৮ জন, খুলনায় ৪৬ জন, ময়মনসিংহে ৩৫ জন, রাজশাহীতে ২৬ জন এবং রংপুরে ১১ জন রয়েছেন।
সব মিলিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে এ পর্যন্ত হাম নিয়ে ভর্তি হয়েছেন ১ লাখ ২৭ হাজার ৭৬ জন। তাঁদের মধ্যে ১ লাখ ২২ হাজার ৮০৫ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, দেশে এখন পর্যন্ত সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ৭১১। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১৮ হাজার ৭৬ জনের।
১০৮ বার পড়া হয়েছে