জয়পুরহাটে নানা কর্মসূচিতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬ ১০:২৪ অপরাহ্ন
শেয়ার করুন:
বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে জয়পুরহাটে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। বুধবার সকালে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়। পরে শহরের প্রধান সড়কগুলোতে একটি বিশাল শোভাযাত্রা বের করা হয়।
জয়পুরহাট জেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচির শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান সংগঠনের নেতাকর্মীরা।
শ্রদ্ধা নিবেদন শেষে স্থানীয় সার্কিট হাউস মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএ ওহাব। এ সময় অন্যান্যের মধ্যে জয়পুরহাট শহর বিএনপির সভাপতি অধ্যাপক আমিনুর রহমান বকুল, জেলা শ্রমিক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম শফি এবং জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক উপস্থিত ছিলেন।
বক্তারা দলের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে এবং দেশ গঠনে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। সভায় জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামস্ মতিন, যুগ্ম আহ্বায়ক তৈমুর রেজা ও মোমিন খন্দকার ডালিমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।
১১৩ বার পড়া হয়েছে