জয়পুরহাটে ইজিবাইক-মোটরসাইকেল সংঘর্ষে চালক নিহত
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ১০:৪১ অপরাহ্ন
শেয়ার করুন:
জয়পুরহাট-আক্কেলপুর আঞ্চলিক সড়কে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বিকাশ চন্দ্র কর্মকার নামের এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে পৌর সদরের কড়াই ফ্যাক্টরি মোড়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ইজিবাইক চালক পালিয়ে গেলেও পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
নিহত বিকাশ চন্দ্র কর্মকার বগুড়ার গাবতলী উপজেলার তেলিহাটা কর্মকার পাড়ার বাবলু কর্মকারের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, জয়পুরহাট শহরের নতুনহাট এলাকার কড়াই ফ্যাক্টরি মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত ইজিবাইকের সঙ্গে মোটরসাইকেলটির সজোরে ধাক্কা লাগে। এতে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান বিকাশ।
দুর্ঘটনার পরপরই ইজিবাইক চালক বাহনটি ফেলে দ্রুত পালিয়ে যান। খবর পেয়ে জয়পুরহাট ফায়ার সার্ভিস ও থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন শেষে লাশ ময়নাতদন্তের জন্য জয়পুরহাট ৪০০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই দুর্ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে ঘাতক ইজিবাইক চালককে শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
১১১ বার পড়া হয়েছে