পূজায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে নির্বিঘ্ন পারাপারের প্রস্তুতি: নৌ-প্রতিমন্ত্রী
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬ ১১:১৭ অপরাহ্ন
শেয়ার করুন:
আসন্ন দুর্গাপূজার ছুটিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের ঘরমুখী যাত্রা ও কর্মস্থলে ফেরা নিরাপদ করতে পাটুরিয়া-আরিচা এবং দৌলতদিয়া নৌপথে সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে সরকার। নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে সরেজমিনে যাত্রীসেবা পর্যবেক্ষণ শেষে এই প্রস্তুতির কথা জানান। যেকোনো ধরণের নাব্যতা সংকট ও অতিরিক্ত ভিড় সামলাতে বিআইডব্লিউটিএ এবং স্থানীয় প্রশাসন সমন্বয় করে কাজ করছে।
ঘাট পরিদর্শনকালে নৌ-প্রতিমন্ত্রী জানান, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। এই ছুটি উপলক্ষে যাত্রীদের স্বাচ্ছন্দ্যে যাতায়াত নিশ্চিত করতে ঈদুল ফিতর বা ঈদুল আজহার মতো সমন্বিত ব্যবস্থা রাখা হয়েছে। পরিবহন খাতের সংশ্লিষ্ট সব সংস্থাকে সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
নৌপথের প্রাকৃতিক ও কারিগরি চ্যালেঞ্জ মোকাবিলায় পলি অপসারণের জন্য ড্রেজার প্রস্তুত রয়েছে। যেকোনো জরুরি পরিস্থিতি সামাল দিতে বিকল্প ব্যবস্থা দ্রুত কার্যকর করার পরিকল্পনাও গ্রহণ করা হয়েছে।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী লঞ্চ ঘাট ও নৌযান সমূহের নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখেন। পাশাপাশি ঘাটে অবস্থানরত ফেরিতে গিয়ে সাধারণ যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের অভিজ্ঞতার খোঁজ নেন।
এ সময় বিআইডব্লিউটিএ চেয়ারম্যান মো: মহিদুল ইসলাম, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা রানী কর্মকারসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১২৮ বার পড়া হয়েছে