চাঁপাইনবাবগঞ্জে হারানো ৩০ মোবাইল উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর
বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬ ১২:৫৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চাঁপাইনবাবগঞ্জে পুলিশের প্রযুক্তিনির্ভর বিশেষ অভিযানে উদ্ধার হওয়া ৩০টি হারানো মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব ফোন তুলে দেওয়া হয়। পুলিশের এই অনন্য উদ্যোগে মুখে হাসি ফুটেছে মোবাইল ফোন হারানো ভুক্তভোগীদের।
পুলিশ সূত্রে জানা গেছে, তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এই মোবাইল ফোনগুলো উদ্ধার করা হয়। জেলা পুলিশের একটি দক্ষ দল হারানো ফোনগুলো ট্র্যাক করে পুনরায় উদ্ধার করতে সক্ষম হয়।
উদ্ধারকৃত ৩০টি ফোনের মধ্যে সদর মডেল থানা এলাকা থেকে ১৫টি, শিবগঞ্জ থানা থেকে ৬টি, গোমস্তাপুর থানা থেকে ২টি এবং নাচোল থানা থেকে ৭টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। সদর থানায় এএসআই আব্দুল মোতালেবের নেতৃত্বে একটি বিশেষ দল সর্বোচ্চ ১৫টি ফোন উদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বুধবার পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে ভুক্তভোগীদের হাতে তাদের প্রিয় ফোনগুলো তুলে দেন পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। এ সময় তিনি সংশ্লিষ্ট police সদস্যদের পেশাদারত্ব ও আন্তরিক কাজের প্রশংসা করেন এবং এই ধরণের জনবান্ধব প্রযুক্তিনির্ভর কার্যক্রম অব্যাহত রাখার ঘোষণা দেন।
হারিয়ে যাওয়া শখের ফোনটি ফিরে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সাধারণ মানুষ। জেলা পুলিশের এই তৎপরতা ও সততার জন্য তারা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। জেলা পুলিশ জানিয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা ও সেবা নিশ্চিতে তাদের এই উদ্ধার অভিযান নিয়মিত চলবে।
১২৭ বার পড়া হয়েছে