ভোমরায় মিষ্টি ও ফুল দিয়ে বিজিবি-বিএসএফ ও ব্যবসায়ীদের শুভেচ্ছা বিনিময়
রবিবার, ১৬ আগস্ট, ২০২৬ ১২:৪৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের জিরো পয়েন্টে বিজিবি, বিএসএফ ও উভয় দেশের ব্যবসায়ীদের মধ্যে এক সৌহার্দ্যপূর্ণ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে। এ সময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও ব্যবসায়ী নেতারা একে অপরকে ফুল ও মিষ্টি উপহার দিয়ে ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেন।
শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ভোমরা-ঘোজাডাঙ্গা স্থলবন্দরের জিরো পয়েন্টে এই বিশেষ সৌহার্দ্যপূর্ণ মিলনমেলার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উভয় দেশের ব্যবসায়ী সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে ভারতের ঘোজাডাঙ্গা এক্সপোর্টার্স অ্যান্ড ইমপোর্টার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি জিয়াউল হক চৌধুরী ও সাধারণ সম্পাদক রাজু সাহাজি বাংলাদেশের ভোমরা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি রামকৃষ্ণ চক্রবর্তী এবং সাধারণ সম্পাদক ওহিদুল ইসলামকে উত্তরীয় ও ব্যাজ পরিয়ে বরণ করে নেন। জবাবে ভোমরা স্থলবন্দরের ব্যবসায়ী নেতারাও ভারতীয় প্রতিনিধিদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।
একই সঙ্গে ভোমরা বিজিবির কোম্পানি কমান্ডার আফজাল হোসেন ভারতের ঘোজাডাঙ্গা বিএসএফ ক্যাম্পের কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিক শুভেচ্ছা ও মিষ্টি বিনিময় করেন। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর এই আন্তরিকতা সীমান্তে চমৎকার পরিবেশ বজায় রাখতে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
সৌহার্দ্য বিনিময়কালে দুই দেশের প্রতিনিধিরা দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করা এবং সীমান্তের উভয় পাড়ের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখার ব্যাপারে গুরুত্বারোপ করেন। উল্লেখ্য, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে এ দিন ভোমরা স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ছিল।
১২৫ বার পড়া হয়েছে