জামালপুরে শিক্ষক-কর্মচারী পেলেন সাড়ে ৭ কোটি টাকার ভাতা
শনিবার, ১৫ আগস্ট, ২০২৬ ৬:৩৪ অপরাহ্ন
শেয়ার করুন:
জামালপুরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৯৬ জন অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীর মধ্যে অবসর সুবিধা ও কল্যাণ ট্রাস্টের সাড়ে ৭ কোটি টাকার বেশি অর্থ বিতরণ করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে দেশব্যাপী ২১০০ কোটি টাকা বরাদ্দের অংশ হিসেবে জামালপুর জেলায় এই অনুদান দেওয়া হয়। জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
জামালপুর জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে ১৫ আগস্ট জেলা কালেক্টরেটের সম্মেলন কক্ষে এই অর্থ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এই কল্যাণ তহবিল বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, দেশজুড়ে মোট ১ লাখ ৩ হাজার ৫৯৬ জন বেসরকারি শিক্ষক-কর্মচারীর জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মোট ২ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে জামালপুর জেলার ৪৫৯ জন অবসরপ্রাপ্ত শিক্ষক ও কর্মচারীর অনুকূলে অবসর ও কল্যাণ ভাতা বাবদ মোট ৭ কোটি ৫৫ লাখ ৪৯ হাজার ৬১৮ টাকা বিতরণ করা হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার ফারহানা ইয়াসমিন, জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক আফসানা তাসলিম, জেলা শিক্ষা অফিসার মো. শামসুল আলম এবং অতিরিক্ত জেলা শিক্ষা অফিসার এস এম মোজাম্মেল হাসানসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কল্যাণ তহবিল বিতরণ কার্যক্রম শুরুর আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে এক বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। মোনাজাতে দেশের অগ্রগতি, সমৃদ্ধি এবং শিক্ষক সমাজের কল্যাণ কামনা করা হয়।
১১০ বার পড়া হয়েছে