মুন্সীগঞ্জে গ্রাম আদালতের প্রচারণায় অংশীজনদের নিয়ে সমন্বয় সভা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬ ১০:১৯ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জে গ্রাম আদালত কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় অংশীজনদের সাথে এক বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এই সভায় গ্রামীণ ও সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় ন্যায়বিচার পৌঁছে দিতে সমন্বিত প্রচারণার ওপর জোর দেওয়া হয়।
বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের (তৃতীয় পর্যায়) উদ্যোগে আয়োজিত এই বিশেষ সভাটি মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মৌসুমী মাহবুবের সভাপতিত্বে সভায় বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, গ্রামীণ এলাকার নারী ও সুবিধাবঞ্চিত মানুষের আইনি জটিলতা নিরসনে গ্রাম আদালত অত্যন্ত কার্যকর এক মাধ্যম। এই আদালতের ওপর সাধারণ মানুষের আস্থা বাড়াতে এবং দ্রুত বিরোধ নিষ্পত্তি নিশ্চিত করতে সব স্তরের জনপ্রতিনিধি ও অংশীজনদের সচেতনতামূলক প্রচারণা জোরদার করতে হবে।
সভায় উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক শেখ মোঃ নাসির উদ্দিন, সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আলাল উদ্দিন এবং আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট মোহাঃ কামরুল ইসলাম। এছাড়াও বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা আলোচনায় অংশ নেন।
উন্মুক্ত আলোচনা পর্বে গ্রাম আদালতকে জনপ্রিয় করতে শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান, হাট-বাজার এবং সামাজিক জনসমাগমস্থলে প্রচারণা চালানোর ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি ভিডিও চিত্র প্রদর্শন, লিফলেট বিতরণ এবং তথ্য অফিসের নিয়মিত প্রচার সেলকে সভার কার্যক্রমে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
১০৫ বার পড়া হয়েছে