বাঘাইছড়িতে পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু
শনিবার, ১৫ আগস্ট, ২০২৬ ৩:২৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ও খেদারমারা এলাকায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই স্কুল শিক্ষার্থীর করুণ মৃত্যু হয়েছে। মৃত শিক্ষার্থীরা হলো পাঁচ বছর বয়সী অনুশকা চাকমা এবং ১২ বছর বয়সী কান্দারা চাকমা। মর্মান্তিক এই দুর্ঘটনার পর থেকে এলাকায় এবং নিহতদের পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে খেদারমারা এলাকায় বন্ধুদের সঙ্গে খেলাধুলার একপর্যায়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায় শিশু অনুশকা চাকমা। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির পর স্থানীয় বাসিন্দারা তার অচেতন দেহ উদ্ধার করেন।
অন্যদিকে, পর্যটন এলাকা সাজেকে পানিতে তলিয়ে যায় ১২ বছর বয়সী কান্দারা চাকমা। স্থানীয় বাসিন্দা ও স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
এই মর্মান্তিক খবর পাওয়ার পরপরই বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা মারজান শোকসন্তপ্ত পরিবারগুলোর খোঁজ নিতে তাদের বাড়িতে ছুটে যান। তিনি শোকার্ত স্বজনদের সান্ত্বনা দেন এবং গভীর সমবেদনা প্রকাশ করেন।
বর্ষা ও বন্যার মৌসুমে যেকোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নদী, ছড়া, পুকুরসহ বিভিন্ন জলাশয়ের আশপাশে শিশুদের চলাচলের ক্ষেত্রে অভিভাবকদের আরও বেশি সচেতন ও সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন উপজেলা প্রশাসন।
১১০ বার পড়া হয়েছে