কলাপাড়ায় দেশের প্রথম বন্যপ্রাণী চিকিৎসাকেন্দ্র ‘এনিমেল শেড’ উদ্বোধন
শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬ ৯:২৭ অপরাহ্ন
শেয়ার করুন:
পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশে প্রথমবারের মতো উদ্ধারকৃত বন্যপ্রাণী পরিচর্যা, চিকিৎসা ও পুনর্বাসনের জন্য নির্মিত ‘এনিমেল শেড’ উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসকের বিশেষ উদ্যোগে এবং স্বেচ্ছাসেবী সংগঠন ‘এনিমেল লাভারস’-এর সহযোগিতায় বন্যপ্রাণী সুরক্ষায় এই ব্যতিক্রমী চিকিৎসাকেন্দ্রটি চালু করা হয়।
বৃহস্পতিবার কলাপাড়া উপজেলার নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই এনিমেল শেডের শুভ উদ্বোধন করেন পটুয়াখালীর জেলা প্রশাসক (যুগ্ম সচিব) ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। বন্যপ্রাণী সংরক্ষণ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের উদ্যোগ দেশে এই প্রথম।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক, অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা বন কর্মকর্তা মো. মনিরুজ্জামান এবং কলাপাড়া টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন বিপু। এছাড়া ‘এনিমেল লাভারস অব পটুয়াখালী’র সদস্য মোহাম্মদ বাইজীদসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন ‘এনিমেল লাভারস’-এর বন্যপ্রাণী উদ্ধারের মহৎ কাজ সত্যিই প্রশংসনীয়। তাদের কার্যক্রমকে আরও গতিশীল করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে এই এনিমেল শেড নির্মাণ করা হয়েছে। বন্যপ্রাণী উদ্ধারে আধুনিক সরঞ্জামের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, সংগঠনটির চাহিদাপত্র অনুযায়ী দ্রুত প্রয়োজনীয় উদ্ধার সামগ্রী সরবরাহ করা হবে।
তিনি বন্যপ্রাণী রক্ষা এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সবসময় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
১২১ বার পড়া হয়েছে