পঞ্চগড়ে ইংরেজি দক্ষতা বাড়াতে শুরু হলো বিশেষ কর্মশালা
বুধবার, ১২ আগস্ট, ২০২৬ ১০:১৮ অপরাহ্ন
শেয়ার করুন:
বিশ্ব নাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতে পঞ্চগড়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ইংরেজি স্পোকেন ও প্রোনান্সিয়েশন কর্মশালা। জেলা প্রশাসনের সহযোগিতায় নজরুল পাঠাগার ভাষা ও বিতর্ক ক্লাব এই বিশেষ প্রশিক্ষণের আয়োজন করেছে। সদর উপজেলার ১০টি বিদ্যালয়ের ৩৫ জন শিক্ষার্থী এই কর্মশালায় অংশ নিচ্ছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নজরুল পাঠাগার ভাষা ও বিতর্ক ক্লাবের আহ্বায়ক আজহারুল ইসলাম জুয়েল।
নজরুল পাঠাগার ভাষা ও বিতর্ক ক্লাবের সদস্য সচিব রবিউল ইসলাম রফিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নজরুল পাঠাগারের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু। এছাড়া পঞ্চগড় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শহিদুল ইসলাম, বিপি সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রশিদা খাতুন এবং পঞ্চগড় প্রেসক্লাবের সাবেক সভাপতি সফিকুল আলমসহ স্থানীয় শিক্ষাবিদ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে ইংরেজি ভাষার গুরুত্ব অপরিসীম। শুদ্ধ উচ্চারণ ও সাবলীলভাবে ইংরেজি বলতে না পারলে প্রতিযোগিতামূলক বিশ্বে ক্যারিয়ারে পিছিয়ে পড়তে হবে। এ ধরনের কর্মশালা প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীদের মনের জড়তা দূর করতে এবং আত্মবিশ্বাস বাড়াতে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে।
আয়োজকরা জানান, আগামী ১৪ আগস্ট পর্যন্ত চলবে এই বিশেষ আয়োজন। প্রথম পর্যায়ে পঞ্চগড় সদর উপজেলার ১০টি নির্বাচিত মাধ্যমিক বিদ্যালয়ের ৩৫ জন শিক্ষার্থীকে নিবিড় প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে, যা পরবর্তীতে তাদের সহপাঠীদের মাঝেও ইংরেজি শেখার আগ্রহ তৈরি করতে সাহায্য করবে।
১২৬ বার পড়া হয়েছে