নরসিংদীতে প্রতিপক্ষের গুলিতে আহত ছাত্রদল নেতার ৯ দিন পর মৃত্যু
মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬ ১২:৫৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নরসিংদীর পলাশে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত ছাত্রদল নেতা ইব্রাহিম আল মাসুম মারা গেছেন। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে টানা ৯ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
নরসিংদীর পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নে গত ১ আগস্ট রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় হাসনহাটা ফকিরবাড়ি এলাকায় একটি মুদি দোকানে অবস্থানকালে সাবেক ছাত্রদল নেতা ইব্রাহিম আল মাসুম এবং তাঁর সহযোগীদের ওপর সশস্ত্র হামলা চালায় প্রতিপক্ষ গ্রুপ।
হামলাকারীরা এলোপাতাড়ি গুলিবর্ষণ ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ছাত্রদল নেতা মাসুমসহ ডাঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি মামুন আহমেদ এবং সাধারণ সম্পাদক জয়নাল আবেদীনসহ অন্তত ১০ জনকে গুরুতর আহত করে। পেটে গুলি লেগে গুরুতর আহত হওয়া মাসুমকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকাল ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। নিহত মাসুম ডাঙ্গা ইউনিয়নের হাসনহাটা গ্রামের মমিন হাজীর ছেলে এবং স্থানীয় ডাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক ছিলেন।
এ ঘটনায় ইতিমধ্যেই নিহতের বোনজামাই হাসান মো. মহসিন বাদী হয়ে ৩৭ জনের নাম উল্লেখ করে পলাশ থানায় একটি মামলা দায়ের করেছেন। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ আল মামুন জানান, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় নতুন করে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
১০৬ বার পড়া হয়েছে