মোংলা পৌর যুবলীগ সভাপতি ও সাবেক প্যানেল মেয়র এস এম কবিরের ইন্তেকাল
রবিবার, ৯ আগস্ট, ২০২৬ ১১:৫৬ অপরাহ্ন
শেয়ার করুন:
বাগেরহাটের মোংলা পৌর যুবলীগের সভাপতি ও পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এস এম কবির হোসেন (৫০) ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার ভোররাতে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর এই আকস্মিক মৃত্যুতে মোংলার রাজনৈতিক অঙ্গন ও স্থানীয়দের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে মরণব্যাধি ক্যান্সারে ভুগছিলেন সাবেক প্যানেল মেয়র এস এম কবির হোসেন। উন্নত চিকিৎসার জন্য সম্প্রতি তাঁকে ভারতের কলকাতার একটি হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখান থেকে ফিরে খুলনার একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় রোববার ভোররাত ৪টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের মরদেহ মোংলায় নিয়ে আসার পর এলাকায় এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। রোববার বাদ জোহর স্থানীয় কুমারখালী ঈদগাহ মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, সমাজসেবক এবং সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। নামাজ শেষে মোংলা পোর্ট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নতুন পৌর কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এস এম কবির হোসেনের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মোংলার বিভিন্ন স্তরের রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও তাঁর বন্ধুমহল। সামাজিক যোগাযোগ মাধ্যমেও স্থানীয়রা তাঁর অবদানের কথা স্মরণ করে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছেন স্থানীয় বিশিষ্টজনেরা।
১২১ বার পড়া হয়েছে