বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের নতুন ঘরের চাবি তুলে দেন প্রধানমন্ত্রী
রবিবার, ৯ আগস্ট, ২০২৬ ৯:০৯ অপরাহ্ন
শেয়ার করুন:
চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৯ আগস্ট) দুপুরে পশ্চিম বাঁশখালী বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন তিনি।
রোববার দুপুর দেড়টার দিকে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালী এলাকায় পুনর্বাসন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের বর্তমান পরিস্থিতির খোঁজখবর নেন।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করে জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী। তাঁদের দুর্ভোগের কথা শুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বিষয়ে খোঁজখবর নেন তিনি।
পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ঘরের চাবি তুলে দেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে বন্যায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারগুলোর পুনর্বাসন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী আসাদুল হাবিব দুলুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
এর আগে টানা ভারী বৃষ্টি ও বন্যার কারণে চট্টগ্রামের বাঁশখালীর বিভিন্ন এলাকা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। বাহারছড়া ইউনিয়নসহ পশ্চিম বাঁশখালীর বেশ কয়েকটি এলাকায় পানি ঢুকে বাড়িঘর ও যোগাযোগব্যবস্থার ক্ষতি হয়। স্থানীয় পর্যায়ে ত্রাণ ও মানবিক সহায়তা কার্যক্রমও পরিচালিত হয়েছে।
পুনর্বাসন কার্যক্রম উদ্বোধনের পর প্রধানমন্ত্রী বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেন বলে জানান তাঁর উপপ্রেস সচিব।
১২৫ বার পড়া হয়েছে