বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: রংপুরে মির্জা ফখরুল
রবিবার, ৯ আগস্ট, ২০২৬ ৯:০১ অপরাহ্ন
শেয়ার করুন:
রংপুরে এক চ্যারিটি অনুষ্ঠানে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিরোধী দলের তীব্র সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেন, বর্তমান বিরোধী দল দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করতে সাবেক প্রধানমন্ত্রী হাসিনার সুরে কথা বলছে। গণতন্ত্রের স্বার্থে সবাইকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান তিনি।
রোববার দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে চ্যারিটি সংস্থা ‘লাভ শেয়ার বিডি’ আয়োজিত চা ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি ২৫ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে চায়ের দোকান হস্তান্তর করেন।
অনুষ্ঠানে নাম উল্লেখ না করে জামায়াত ও এনসিপির কঠোর সমালোচনা করেন তিনি। মির্জা ফখরুল বলেন, দেশের বর্তমান গ্যাস সংকটসহ নানা সমস্যা ৪-৫ মাসের মধ্যে পুরোপুরি সমাধান করা সম্ভব নয়। বিগত ১৭ বছরের আওয়ামী লীগ সরকারের অবহেলার কারণে এই সংকট তৈরি হয়েছে এবং বর্তমান সরকার তা সমাধানে বিলিয়ন ডলার ব্যয় করে গ্যাস আমদানি করছে।
নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ার বিষয়টি স্বীকার করে তিনি বলেন, মানুষের ক্রয়ক্ষমতা স্বাভাবিক রাখতে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো বিভিন্ন অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি।
রংপুর ও দিনাজপুর অঞ্চলের মানুষের অর্থনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, এই অঞ্চলের মানুষ সহজে বিদেশে যেতে চাননা, যার কারণে তারা অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ছেন। উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নের জন্য সবাইকে দলমত নির্বিশেষে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে তিনি বলেন, সরকার গঠনের পর তিন বছরের মধ্যে নির্বাচনী সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে। ইতোমধ্যে ফ্যামিলি কার্ড ও কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফের কার্যক্রম শুরু হয়েছে। বিগত ১৭ বছরে নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া রাজনৈতিক মামলা প্রত্যাহারের কাজও চলমান রয়েছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী, জেলা প্রশাসক রুহুল আমিন এবং বিশিষ্ট নাগরিকেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন লাভ শেয়ার বিডির পরিচালক জাহিদ খান।
১৩২ বার পড়া হয়েছে