রূপগঞ্জে সাবেক সেনা কর্মকর্তার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ
শনিবার, ৮ আগস্ট, ২০২৬ ১০:০৮ অপরাহ্ন
শেয়ার করুন:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ইউপি সদস্য প্রার্থিতা নিয়ে বিরোধের জেরে এক সাবেক সেনা কর্মকর্তার বসতবাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের সাওঘাট এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় সাবেক সেনা কর্মকর্তা রাইসুল মিল্কিসহ দুজন আহত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
রাইসুল মিল্কি অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর সার্জন। তিনি আসন্ন গোলাকান্দাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের সদস্য পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। একই ওয়ার্ডে সদস্য প্রার্থী হিসেবে রয়েছেন গোলাকান্দাইল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন। দুজনই বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। প্রার্থিতা নিয়ে তাঁদের মধ্যে বেশ কিছুদিন ধরে বিরোধ চলে আসছিল বলে অভিযোগ করা হয়েছে।
রাইসুল মিল্কির স্ত্রী মুক্তা আক্তারের অভিযোগ, শুক্রবার সন্ধ্যায় ভুলতা এলাকায় বিএনপির একটি শোভাযাত্রা শেষে গোলাকান্দাইল এলাকায় আলমগীর হোসেন ও তাঁর লোকজন রাইসুল মিল্কি এবং মিলন ভূঁইয়াকে মারধর করেন।
পরে রাতের দিকে আলমগীর হোসেনের নির্দেশে ৫০ থেকে ৬০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে সাওঘাটে রাইসুল মিল্কির বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ করেন মুক্তা আক্তার। তাঁর দাবি, হামলাকারীরা রামদা, চাপাতিসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে দরজা-জানালা ও আসবাবপত্র ভাঙচুর করে। এ সময় ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকারও নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে এ ঘটনায় রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। খবর পেয়ে ভুলতা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন আলমগীর হোসেন। তিনি বলেন, তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। এ ঘটনার বিষয়ে তিনি কিছুই জানেন না।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, এ ধরনের একটি অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
১২০ বার পড়া হয়েছে