মোংলা পৌর কৃষক দলের ৭১ সদস্যের নতুন কমিটি গঠন, সভাপতি সোহাগ ও সম্পাদক মানিক
শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬ ৫:২৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বাগেরহাটের মোংলা পৌর কৃষক দলের ৭১ সদস্যবিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত এই কমিটিতে মো. সোহাগ চৌধুরীকে সভাপতি এবং মো. নাজমুল ইসলাম মানিককে সাধারণ সম্পাদক করা হয়েছে। তৃণমূল পর্যায়ে দলীয় সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে জেলা কমিটি এই নতুন নেতৃত্ব অনুমোদন দেয়।
বাগেরহাট জেলা কৃষক দলের আহ্বায়ক সৈয়দ আসাফউদ্দৌলা জুয়েল ও সদস্য সচিব ফকির তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে নবগঠিত এই কমিটির অনুমোদন দেওয়া হয়। কমিটিতে সাংগঠনিক সম্পাদক, সহ-সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদকসহ মোট ৭১ জন নেতাকে স্থান দেওয়া হয়েছে। এর আগে সদ্য সাবেক কমিটিতে মো. সোহাগ চৌধুরী ভারপ্রাপ্ত সভাপতি এবং নাজমুল ইসলাম মানিক সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন।
নতুন এই কমিটি নিয়ে জেলা কৃষক দলের আহ্বায়ক সৈয়দ আসাফউদ্দৌলা জুয়েল আশাবাদ ব্যক্ত করে বলেন, সোহাগ ও মানিকের নেতৃত্বে মোংলা পৌর কৃষক দল আগের চেয়ে আরও বেশি ঐক্যবদ্ধ ও সক্রিয় থাকবে। দলের প্রতি ত্যাগ ও আনুগত্যের মূল্যায়ন করেই তাদের এই দায়িত্ব অর্পণ করা হয়েছে।
এদিকে জেলা কমিটির সদস্য সচিব ফকির তৌহিদুল ইসলাম জানান, তৃণমূল পর্যায়ে জাতীয়তাবাদী আদর্শকে বেগবান ও সুসংগঠিত করতেই মোংলায় এই নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন নেতৃত্বের মাধ্যমে পৌর এলাকায় দলীয় কার্যক্রম আরও ত্বরান্বিত হবে বলে তিনি মনে করেন।
অন্যদিকে নতুন দায়িত্ব পাওয়ার পর সভাপতি সোহাগ চৌধুরী ও সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মানিক জেলা নেতৃত্বের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তারা জানান, অর্পিত দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করে মোংলায় কৃষক দলের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করতে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন।
এদিকে নতুন কমিটি ঘোষণার পর মোংলা পৌর এলাকার নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। মোংলা থানা ও পৌর বিএনপি এবং এর সহযোগী অঙ্গ-সংগঠনের পক্ষ থেকে নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে অভিনন্দন জানানো হয়েছে।
১৫৪ বার পড়া হয়েছে