দক্ষ হয়ে বিদেশ গেলে প্রতারণার ঝুঁকি কমে: মুন্সীগঞ্জে নিরাপদ অভিবাসন সেমিনার
বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬ ১১:৪৪ অপরাহ্ন
শেয়ার করুন:
মুন্সীগঞ্জে জেলা প্রশাসকের কার্যালয়ে ‘নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে আয়োজিত এই সেমিনারে দক্ষ জনশক্তি তৈরি এবং বৈধ উপায়ে বিদেশ গমনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে বক্তারা আন্তর্জাতিক শ্রমবাজারে টিকে থাকতে কারিগরি প্রশিক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই বিশেষ সেমিনারে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জুবায়ের হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার এবং কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) অধ্যক্ষ নাহিদা পারভীনসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তারাও।
সেমিনারে মূল আলোচনায় বলা হয়, যথাযথ কারিগরি প্রশিক্ষণ এবং ভাষা দক্ষতা অর্জনের মাধ্যমে একজন কর্মী আন্তর্জাতিক শ্রমবাজারে অত্যন্ত আকর্ষণীয় ও গ্রহণযোগ্য হয়ে ওঠেন। দালালের খপ্পর এড়াতে এবং নিরাপদ কর্মসংস্থান নিশ্চিত করতে সরকারি নির্দেশনা মেনে বৈধ পথে বিদেশ যাওয়ার কোনো বিকল্প নেই।
মুন্সীগঞ্জ টিটিসির পক্ষ থেকে জানানো হয়, সেখানে কম্পিউটার অপারেশন, ড্রাইভিং, রেফ্রিজারেশন, সুয়িং মেশিন অপারেশন এবং ইংরেজি, জাপানি ও আরবি ভাষার ওপর বিশেষ প্রশিক্ষণ কোর্স চালু রয়েছে। এসব কোর্স সফলভাবে সম্পন্নকারীদের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) অনুমোদিত সার্টিফিকেট প্রদান করা হয়।
অনুস্থানে অংশ নেওয়া শিক্ষার্থী ও অভিবাসনপ্রত্যাশী তরুণদের উদ্দেশে বক্তারা দক্ষতা অর্জন করে দক্ষ জনশক্তি হিসেবে বিদেশে যাওয়ার পরামর্শ দেন। সঠিক নিয়মে বিদেশ গেলে যেমন দেশের রেমিট্যান্স প্রবাহ বাড়বে, তেমনি অভিবাসনপ্রত্যাশীদের জীবনযাত্রার মান উন্নত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
১১৭ বার পড়া হয়েছে