ফরিদপুরে চার বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা
বুধবার, ৫ আগস্ট, ২০২৬ ৪:২৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ফরিদপুরে বিভিন্ন অনিয়মের অভিযোগে চারটি বেসরকারি হাসপাতাল ও একটি ডায়াগনস্টিক সেন্টার বন্ধ ঘোষণা করা হয়েছে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে জেলা প্রশাসনের সহযোগিতায় স্বাস্থ্য বিভাগ এক বিশেষ অভিযান চালিয়ে এ সিদ্ধান্ত নেয়। লাইসেন্স জটিলতা ও নিম্নমানের সেবার কারণে হাসপাতালগুলোর বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।
মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সম্মুখবর্তী এলাকায় এক যৌথ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। দুপুর একটা থেকে আড়াইটা পর্যন্ত চলা এই অভিযানে নেতৃত্ব দেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান ও নাজমুন নাহার নাঈম উপস্থিত থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আদালত সূত্রে জানা যায়, প্রয়োজনীয় নথিপত্রের অভাব ও নানাবিধ অনিয়মের দায়ে আল-জারা প্রাইভেট হাসপাতাল, মেডিকেল প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, লিলি প্রাইভেট হাসপাতাল এবং হলি সিটি প্রাইভেট হাসপাতাল অ্যান্ড মা-মনি ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ দেওয়া হয়।
অভিযান চলাকালে ওই সমস্ত প্রতিষ্ঠানে চিকিৎসাধীন থাকা রোগীদের অবিলম্বে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল অথবা অন্য কোনো মানসম্মত বেসরকারি হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে। সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান জানান, সরকারি নিয়ম অমান্য করে এবং লাইসেন্স নবায়ন ছাড়াই এই প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করে আসছিল। জনস্বার্থে এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি হুঁশিয়ারি দেন।
১১৯ বার পড়া হয়েছে