লোহাগড়ায় স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা, থানায় স্বামীর আত্মসমর্পণ
সোমবার, ৩ আগস্ট, ২০২৬ ২:২২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নড়াইলের লোহাগড়া উপজেলায় পারিবারিক কলহের জেরে সুরাইয়া খানম জোনাকি (৩২) নামের এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তাঁর মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে। নৃশংস এই হত্যাকাণ্ডের পর ঘাতক স্বামী জসিম শেখ নিজেই থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে। রবিবার (২ আগস্ট) উপজেলার করফা গ্রামে এই লোমহর্ষক ঘটনাটি ঘটে।
নিহত জোনাকি লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়নের করফা গ্রামের সিদ্দিক মীরের মেয়ে। অভিযুক্ত জসিম শেখ একই গ্রামের মমরেজ শেখের ছেলে। স্থানীয় বাসিন্দারা জানান, পেশায় রাজমিস্ত্রি জসিম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং তাদের দাম্পত্য জীবনে প্রায়ই বিবাদ লেগে থাকত।
স্থানীয় ইউপি সদস্য মোঃ হিসাম উদ্দিন জানান, রবিবার বেলা ১১টার দিকে পারিবারিক কলহের একপর্যায়ে জসিম তাঁর স্ত্রীর মাথায় হাতুড়ি দিয়ে উপর্যুপরি আঘাত করেন। এতে জোনাকির মাথা মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। দুপুর দেড়টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জোনাকিকে মৃত ঘোষণা করেন। নিহত দম্পতির ঘরে ১০ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে, যে স্থানীয় একটি বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে পড়ে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রায় ১২ বছর আগে জসিম ও জোনাকির বিয়ে হয়েছিল। সম্প্রতি জসিম তাঁর স্ত্রীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুললেও স্থানীয়রা তা মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেছেন। মাদকাসক্তির কারণেই এই নির্মম হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা প্রতিবেশীদের।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আঃ রহমান জানান, ঘটনার পরপরই অভিযুক্ত স্বামী জসিম থানায় এসে পুলিশের কাছে ধরা দেয়। বর্তমানে তাকে আটক রাখা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
১১০ বার পড়া হয়েছে