ময়মনসিংহে নিখোঁজের ১০ দিন পর কাস্টমস কর্মকর্তার বস্তাবন্দি মরদেহ উদ্ধার
সোমবার, ৩ আগস্ট, ২০২৬ ১:২২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় নিখোঁজ হওয়ার দীর্ঘ ১০ দিন পর বাংলাদেশ কাস্টমসের নিরাপত্তা শাখার সদস্য রাকিব রায়হান তালুকদারের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাড়ির পাশের একটি পরিত্যক্ত ডোবা থেকে আজ রবিবার বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়। চাঞ্চল্যকর এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা বিরাজ করছে এবং স্বজনরা একে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রাকিব রায়হান তালুকদার ঢাকার কমলাপুর কাস্টমসের নিরাপত্তা শাখায় কর্মরত ছিলেন। গত কয়েকদিন আগে তিনি রহস্যজনকভাবে নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরিও করা হয়েছিল।
তদন্তের এক পর্যায়ে পুলিশ উপজেলার অনন্তপুর বাজুয়া নদী এলাকা থেকে নিখোঁজ এই কর্মকর্তার ব্যবহৃত মোটরসাইকেলের চাবির রিং উদ্ধার করে। এর পরই মূলত ঘটনার রহস্য আরও ঘনীভূত হতে থাকে। অবশেষে রবিবার বিকেলে স্থানীয়রা বাড়ির পাশের একটি পরিত্যক্ত ডোবায় তার বস্তাবন্দি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
এদিকে এই নৃশংস হত্যাকাণ্ডের পেছনে বাড়ির কেয়ারটেকার রাজু মির্জার হাত থাকতে পারে বলে জোরালো সন্দেহ করছে নিহতের পরিবার। ঘটনার পর থেকেই রাজু পলাতক রয়েছেন। স্বজনদের অভিযোগ, রাজু টাঙ্গাইলের এক দالاলে মাধ্যমে অবৈধভাবে বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তার পাসপোর্ট জব্দ করে দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা।
হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ও জড়িতদের খুঁজে বের করতে ইতোমধ্যে কাজ শুরু করেছে ফুলবাড়ীয়া থানা পুলিশ। পুলিশ জানিয়েছে, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ময়না তদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে এবং দ্রুততম সময়ে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।
১৩২ বার পড়া হয়েছে