সর্বশেষ

সারাদেশ

ফরিদপুরে হাতির কারণে অটোরিকশা উল্টে মায়ের কোল থেকে ছিটকে পড়ে শিশুর করুণ মৃত্যু

আবিদ জামান, ফরিদপুর
আবিদ জামান, ফরিদপুর

বুধবার, ২৯ জুলাই, ২০২৬ ৪:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফরিদপুরের সদরপুরে হাতির পিঠে করে চাঁদা তোলার সময় একটি অটোরিকশার সাথে ধাক্কা লেগে মায়ের কোল থেকে ছিটকে পড়ে ১০ মাস বয়সী এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার আরও কয়েকজন যাত্রী, এবং উত্তেজিত জনতা হাতির মাহুতকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে।

নিহত শিশুর নাম আরিশা জান্নাত। সে পার্শ্ববর্তী ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নের গুলবন্দি গ্রামের সজিব মোল্যার মেয়ে। জানা গেছে, আরিশা অসুস্থ থাকায় তাকে সদরপুর হাসপাতালে চিকিৎসক দেখানোর উদ্দেশ্যে তার মা একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, আটরশি নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি হাতি নিয়ে রাস্তায় বিভিন্ন যানবাহন থেকে চাঁদা আদায় করা হচ্ছিল। অটোরিকশাটি হাতির কাছাকাছি আসামাত্রই প্রাণীটি টাকার জন্য হঠাৎ শুঁড় উঁচু করে। এতে আতঙ্কিত হয়ে অটোরিকশার চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে যায় এবং মায়ের কোলে থাকা আরিশা নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত শিশুটিকে উদ্ধার করে প্রথমে বিশ্ব জাকের মঞ্জিল জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে সেখানে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় অটোরিকশার আরও কয়েকজন যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে।

এদিকে এই মর্মান্তিক দুর্ঘটনার পর উত্তেজিত জনতা হাতির মাহুত বকুল মিয়াকে (২৪) গণপিটুনি দিয়ে আটকে রাখে। খবর পেয়ে সদরপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মাহুতকে আটক করে থানায় নিয়ে যায়। আটক বকুল মিয়া জামালপুরের দেওয়ানগঞ্জ থানার মাদারেরচর গ্রামের আনিস উদ্দিনের ছেলে।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আল মামুন শাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত মাহুতকে আটক করে। ঘটনার শিকার পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে হাতিটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসার আইনি প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন