ভেড়ামারায় ট্রাক-সিএনজি-মোটরসাইকেলের সংঘর্ষে রাশেদুল নিহত
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬ ১২:১১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রাক, সিএনজি ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে রাশেদুল ইসলাম (৫১) নামের এক সিএনজি যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজি চালকসহ আরও চার যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ১২ মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাশেদুল ইসলাম দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের আমদহ গ্রামের মৃত জোয়াদ মন্ডলের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ভেড়ামারা থেকে পাঁচজন যাত্রী নিয়ে একটি সিএনজি কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। সিএনজিটি কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ১২ মাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও ট্রাকের সঙ্গে সেটির সংঘর্ষ হয়।
ত্রিমুখী এ সংঘর্ষে সিএনজির যাত্রী রাশেদুল ইসলাম গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় সিএনজি চালক ও অপর চার যাত্রী আহত হয়েছেন। তাঁদের মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
দুর্ঘটনার পর মোটরসাইকেলটির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থল থেকে সিএনজি ও ট্রাকটি জব্দ করেছে।
কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মহিদুল ইসলাম বলেন, কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ১২ মাইল এলাকায় ত্রিমুখী সংঘর্ষে রাশেদুল ইসলাম নামের একজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় জড়িত ট্রাক ও সিএনজি জব্দ করা হয়েছে। এ ঘটনায় হাইওয়ে থানায় মামলা করা হবে।
১১৭ বার পড়া হয়েছে