গোপালগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে তরুণের মৃত্যু, আহত ৩
শনিবার, ২৫ জুলাই, ২০২৬ ৪:০১ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গোপালগঞ্জের সদর উপজেলায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অচেন্ত কুন্ডু (২৫) নামের এক তরুণ নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় তাঁর আরও তিন বন্ধু গুরুতর আহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যায় গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কে বেপরোয়া গতির কারণে এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত অচেন্ত কুন্ডু মুকসুদপুর উপজেলার হরিচর সিন্ধিয়াঘাট এলাকার অসিত কুন্ডুর ছেলে। শুক্রবার সন্ধ্যায় চার বন্ধু দুটি মোটরসাইকেলে চড়ে গোপালগঞ্জ-টেকেরহাট সড়ক দিয়ে যাচ্ছিলেন।
সিন্ধিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আওরঙ্গজেব জানান, তরুণরা দুটি মোটরসাইকেল নিয়ে দ্রুতগতিতে একে অপরের সঙ্গে পাল্লা দিচ্ছিলেন। মহাসড়কের চামটা এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক দুটির মধ্যে প্রচণ্ড সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অচেন্তর মৃত্যু হয় এবং অন্য মোটরসাইকেলে থাকা তিন আরোহী গুরুতর আহত হন।
দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত তরুণের মরদেহ উদ্ধার করে। একই সঙ্গে মারাত্মক আহত তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
১২৬ বার পড়া হয়েছে