ধামরাইয়ে ২০০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার
বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ ৭:১৬ অপরাহ্ন
শেয়ার করুন:
ঢাকার ধামরাইয়ে অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাবিবুর রহমান নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ধামরাই পৌর এলাকার আমিন মডেল টাউন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ডিবি পুলিশ জানায়, বুধবার দিনগত রাত ১টার দিকে ধামরাই পৌর শহরের আমিন মডেল টাউন এলাকায় মাদক বিক্রির গোপন খবর পেয়ে অভিযান পরিচালনা করে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল। এ সময় সন্দেহভাজন মাদক কারবারি হাবিবুর রহমানকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের পক্ষ থেকে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত হাবিবুর রহমানের নামে এর আগেও বিভিন্ন থানায় অন্তত ৬টি মাদক মামলা রয়েছে। সে এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার সাথে জড়িত ছিল।
ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইদুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নতুন করে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। আজই তাকে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। মাদকের বিরুদ্ধে ডিবির এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
১২৭ বার পড়া হয়েছে