টাঙ্গাইলে পৃথক হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড
বুধবার, ২২ জুলাই, ২০২৬ ১১:০৮ অপরাহ্ন
শেয়ার করুন:
টাঙ্গাইলে পৃথক দুটি হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ এবং স্পেশাল জজ আদালতের বিচারক এই রায় ঘোষণা করেন। একই সঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অন্য দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।
ভূঞাপুরের আম পাড়াকে কেন্দ্র করে সংগঠিত মেহেদী মোস্তফা রাজীব হত্যা মামলায় আসামি নাজিরুল ইসলাম জিহাদকে মৃত্যুদণ্ড দিয়েছেন টাঙ্গাইলের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান। মৃত্যুদণ্ডের পাশাপাশি আসামিকে ১ লাখ টাকা জরিমানাও করা হয়েছে। ২০২০ সালের ১৮ জুন খাড়াবাড়ী গ্রামে আম পাড়ার বাঁশের লাঠি নিয়ে বিরোধের জেরে রাজীবকে নির্মমভাবে হত্যা করা হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া ও ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেন।
অন্যদিকে, দেলদুয়ারে মা ও মেয়েকে শ্বাসরোধ করে হত্যার দায়ে আসামি সোহরাব হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন স্পেশাল জজ আদালতের বিচারক দিলারা আলো চন্দনা। এই মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর দুই আসামিকে খালাস দেওয়া হয়।
২০২১ সালের ৫ মে দেলদুয়ার উপজেলার দক্ষিণ পাড়া গ্রামে হাজেরা বেগম ও তাঁর মেয়ে নাসরিন আক্তার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। পরদিন ভোরে বাড়ির অদূরে একটি পাটখেত থেকে তাঁদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহত হাজেরা বেগমের ছেলে মোশারফ হোসেন বাদী হয়ে দেলদুয়ার থানায় মামলা দায়ের করেছিলেন।
১৩৩ বার পড়া হয়েছে